২৬ মার্চ ২০১৫ - ১৫:১৪
সৌদি সীমান্তে হাজার হাজার আনসারুল্লাহ যোদ্ধা

স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, হাজার হাজার ইয়েমেনি যোদ্ধা –যাদের অধিকাংশই আনসারুল্লাহ মুভমেন্টের- সৌদি সীমান্তবর্তী সাআদা প্রদেশে সমবেত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : মুহাম্মাদ আল-বাখিতি স্পুটনিক ওয়েব সাইটকে জানিয়েছেন, এ সকল যোদ্ধারা পারস্য উপসাগরীয় দেশসমূহের পক্ষ থেকে সম্ভাব্য হামলার যথার্থ জবাব প্রদানের লক্ষ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যস্ত রয়েছে।
আনসারুল্লাহ মুভমেন্টের অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ আল-বাখিতি স্পুটনিককে দেয়া সাক্ষাতকারে বলেন : ‘(সৌদি আরবের) এ সামরিক অভিযানের অর্থ হল ইয়েমেনের জনগণের সাথে যুদ্ধ ঘোষণা। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এ হামলার জবাব দেব।’ ইয়েমেনের হুথি যোদ্ধাদের সাম্প্রতিক অগ্রগতির কারণেই বিপ্লবীদের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি আরব।
সৌদি বিমান বাহিনী গতকাল মাঝরাতে সানয়া বিমানবন্দর, এর পার্শ্ববর্তী আবাসিক এলাকা এবং আদ-দাইলামি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়।
নিরাপত্তা ও হাসপাতাল সূত্র আজ (বৃহস্পতিবার) স্পুটনিককে জানিয়েছে, ঐ হামলায় ২২ জন শহীদ এবং ৩০ জন আহত হয়েছে। আহতদের মাঝে নারী ও শিশুও রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে সানয়া।
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ‘বারনাদেতে মিহান’ এক বিবৃতিতে ঘোষণা করেছেন, ইয়েমেনের বিরুদ্ধে গালফ কো-অপারেশন কাউন্সিলের নেতৃত্বাধীন সামরিক অভিযানে রসদ ও তথ্য সরবরাহ সংক্রান্ত সহযোগিতার সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি গতকাল (বুধবার, ২৫শে মার্চ) এডেন রাজপ্রসাদ ছেড়ে অজ্ঞাত স্থানে পলায়নের পর এ অভিযান চালানো হল।
উল্লেখ্য, আনসারুল্লাহ বাহিনীর সহযোগিতায় এডেন শহরের আন্তর্জাতিক বিমানবন্দর এবং তায়েজসহ অপর কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও বন্দরের উপর নিয়ন্ত্রণ রেখেছে ইয়েমেন সামরিক বাহিনী।#প্রেসটিভি